ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উঠানে মুরগি যাওয়া নিয়ে মারপিটে প্রাণ গেল নারীর

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ১১ জানুয়ারি ২০২৪
উঠানে মুরগি যাওয়া নিয়ে মারপিটে প্রাণ গেল নারীর
ফাইল ফটো

যশোরের কেশবপুরে মায়ের মুরগি চাচার উঠানে যাওয়া নিয়ে মারামারিতে মোমেনা বেগম (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐ নারী মারা যান। এর আগে গত সোমবার (৮ জানুয়ারি) উপজেলার সাতবাড়িয়া গ্রামে ঐ নারীকে পিটিয়ে আহত করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার (৮ জানুয়ারি) উপজেলার সাতবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মোমেনা বেগম একই এলাকার চাঁদড়া গ্রামে তার বাবার বাড়িতে যান। বিকেলে মোমেনা বেগমের মায়ের মুরগি চাচা হাসান আলী মোড়লের (৫৫) উঠানে যাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ে।

Advertisement

একপর্যায়ে মোমেনা বেগমকে চাচার পরিবারের সদস্যরা পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মোমেনা বেগম মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই মাসুদুর রহমান থানায় পাঁচজনের নামে একটি মামলা দায়ের করেন।

কেশবপুর থানার ওসি জহিরুল আলম বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলীম মোড়লকে (৩০) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!