ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজিবাইক চালক হত্যা: মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৯, ২৪ ডিসেম্বর ২০২৩
ইজিবাইক চালক হত্যা: মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার
গ্রেফতারকৃত নান্নু মিয়া

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চাঞ্চল্যকর ক্লুলেস ইজিবাইক চালক হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে জামালপুর র‌্যাব-১৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত নান্নু মিয়া উপজেলার চর ধানাটা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

জামালপুর র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী জানান, গত ২৩ অক্টোবর বিকেলে ইজিবাইকটি নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক আব্দুল কাদের। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। এর পরদিনই ঝিনাই নদীতে ভাসমান অবস্থায় আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করা হয়। 

Advertisement

এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত হয়ে শনিবার ভোরে সরিষাবাড়ীর উপজেলার চর ধানাটা এলাকা থেকে নান্নু মিয়াকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নান্নু মিয়া জানান, বরিশালের রাকিব ও সোহেল, নারায়নগঞ্জ জেলার রাজু, শরীয়তপুর জেলার হালিম এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার লিটন ঘটনার আগের দিন স্থানীয় একটি হোটেলে ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ২৩ অক্টোবর রাতে চালক আব্দুল কাদেরকে শ্বাসরোধে হত্যার পর তার ইজিবাইকটি ছিনতাই করে বরিশাল এলাকায় বিক্রি করে দেন তারা। এ ঘটনায় রাজু ও সোহেল পলাতক থাকলেও বাকি আসামিদের গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!