সোমবার সকালে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আওয়ালগাড়ি মাদারতলী ঘাট সংলগ্ন এলাকার একটি আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নরেশ চন্দ্র রবিদাস উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মৃত বিরেন রবিদাসের ছেলে। তিনি জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে খেলনা বিক্রি করতেন।
জানা গেছে, সোমবার সকালে মাদারতলী ঘাট এলাকায় একটি আম গাছের ডালে গলায় দড়ি বাঁধা অবস্থায় নরেশ রবিদাসের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ওই সময় তার দুই হাত ও দুই পা মাফলার দিয়ে বাঁধা ছিল।
.png)
রুকিন্দীপুর ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, নরেশ রবিদাস জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন। তবে তার সঙ্গে কারো শত্রুতা ছিল বলে মনে হয় না।
নিহতের ছেলে সুজন কুমার জানান, রোববার রাতে বাসা থেকে খাবার খেয়ে বাইরে যান তার বাবা। এরপর আর ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, তার বাবার মরদেহ আম গাছে ঝুলছে। তার বাবাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করেন তিনি।
আক্কেলপুর থানার পরিদর্শক শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে।