মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে শুনানি শেষে বিচারক মহিউদ্দিন মুরাদ পৃথক ধারায় এ রায় প্রদান করেন। রায় ঘোষণাকালে দণ্ডিত শাকের আলী ব্যতীত অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অপরাধ প্রমাণ না হওয়ায় অবশিষ্ট ৮ আসামিকে খালাস প্রদান করেছেন বিচারক।
দণ্ডিত আসামিরা হলেন, মুফিদুল আলম সিকদার, আবু কায়সার শিপলু, সাজ্জাদ হোসেন সিকদার, শামশুল আলম, নুরুল কবির ও শাকের আলী।
.png)
অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।
তার তথ্যমতে, ২০০১ সালের ২৪ জুলাই জমি নিয়ে বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ছলিম উল্লাহ প্রকাশ পুতন আলী মিস্ত্রি ও শামসুল আলম প্রকাশ গুরা মিয়া। পরদিন এ ঘটনায় উখিয়া থানায় মামলা করেন নাজির হোসেন। আসামিদের ফৌজদারি দণ্ডবিধির ৩০২/১৪৯ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পেনাল কোড ১৮৬০ এর ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদের প্রত্যেককে আরো ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার করে জরিমানা অনাদয়ে আরো ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উভয় সাজা একসঙ্গে চলবে।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী মামলাটি পরিচালনা করেন। আসামি পক্ষে প্রধান আইনজীবী ছিলেন আবুল কালাম আজাদ।