ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ২৮ নভেম্বর ২০২৩
খুলনায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় গৃহবধূকে ধর্ষণের দায়ে সেলিম রেজা (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ তার মায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে আসামি সেলিম রেজার সঙ্গে পরিচয় হয়। আসামি ওই গৃহবধূর মাকে ডাক্তার দেখানোর জন্য অনেক সাহায্য করায় তাদের মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয়। পরবর্তীতে ভুক্তভোগী গৃহবধূর মায়ের অসুস্থতা বাড়লে আসামি গৃহবধূর মায়ের উন্নত চিকিৎসা করানোর জন্য খুলনায় ভারতীয় ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলেন। 

Advertisement

২০১৯ সালের ১৮ অক্টোবর ওই গৃহবধূকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে সোনাডাঙ্গা মডেল থানার মজিদ স্মরণী রোডের হোটেল এশিয়া ইন্টারন্যাশনালের একটি রুমে নিয়ে যায়। কৌশলে হোটেল রুমের ভেতর থেকে ছিটকিনি আটকে দিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে আসামি সেলিম রেজা। একপর্যায়ে বিকেলে ছেড়ে দিলে গৃহবধূ বাড়ি চলে যায়। 

পরিবারে জানাজানি হলে ওই গৃহবধূ ২০২০ সালের ৭ মার্চ সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ জানুয়ারি সোনাডাঙ্গা থানার এসআই মো. খলিদ উদ্দিন আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। আদালতে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!