ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত যমজ বোন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ২৮ নভেম্বর ২০২৩
জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত যমজ বোন
যমজ বোন সাবরিনা মমতাজ তানিয়া ও সাদিয়া মমতাজ তমা

একসঙ্গে স্কুলে ভর্তি, এসএসসিও একসঙ্গে। এবার একসঙ্গেই এইচএসসিও পাস করলেন যমজ বোন সাবরিনা মমতাজ তানিয়া ও সাদিয়া মমতাজ তমা। মেধা ও পরিশ্রমে তারা অর্জন করেছেন জিপিএ-৫। এখন উচ্চশিক্ষা নিয়ে দুইজনেই হতে চান চিকিৎসক।

যমজ তানিয়া ও তমা বগুড়ার আদমদীঘিতে শিক্ষক দম্পতির মেয়ে। তারা নওগাঁ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের দুই বোনের এমন অর্জনে প্রশংসা করছে শিক্ষক ও এলাকাবাসী। এর আগেও তারা পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি, জেএসসি-এসএসসিতে জিপিএ-৫ পান। সোমবার দুপুরে শিক্ষক দম্পতি এ এফ এম মমতাজুর রহমান ও হাসনা বানু এই তথ্য জানান।

দুই বোনের বাবা এ এফ এম মমতাজুর রহমান জানান, মেয়ে দুইটি জন্মের পর থেকে লেখাপড়াসহ সব কাজ একই সঙ্গে করে থাকেন। তাদের চিন্তা-ভাবনা, প্রত্যাশা ও জীবনের উদ্দেশ্যও এক। তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার কাজে বেশি সময় ব্যস্ত থাকেন। মেয়েদের দিকে খুব বেশি নজর দিতে পারেন না। মেয়েদের লেখাপড়ার পেছনে সব কৃতিত্বের দাবিদার তাদের মা।

Advertisement

তিনি বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফলে এলাকাবাসী যেমন খুশি হয়েছে, পাশাপাশি আনন্দ প্রকাশ করেছেন শিক্ষকরা ও আমার সহকর্মীরা।

যমজ বোনের মা হাসনা বানু বলেন, ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি তারা আগ্রহী ছিল। কখনোই তাদের দুইজনকে পড়তে বসার জন্য বলতে হয়নি। চিকিৎসক হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চায় তারা।

তানিয়া ও তমা জানান, তাদের ভালো ফলাফলে মা-বাবার পাশাপাশি ভাই ও শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তারা দুইজনেই চিকিৎসক হতে চান।

নওগাঁ সরকারি কলেজের প্রফেসর এ কে এম জুলফিকারুল হক জানান, দুই বোনের অদ্ভুত মিল। কথাবার্তা, চাল-চলন, ক্লাসে আসা-যাওয়া, বসা, প্রশ্নের উত্তর প্রদান—সবই একই রকম। তারা কলেজের গর্ব। যমজ দুই বোনের এমন অর্জনে প্রশংসা করছে শিক্ষকসহ এলাকাবাসী।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!