ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
এইচএসসি পরীক্ষার ফলাফল

ডেঙ্গুতে প্রাণ হারানো সেই ইলা পেলেন জিপিএ-৫, পরিবারে কান্নার রোল

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১, ২৮ নভেম্বর ২০২৩
ডেঙ্গুতে প্রাণ হারানো সেই ইলা পেলেন জিপিএ-৫, পরিবারে কান্নার রোল
বাবা-মায়ের সঙ্গে মাহাদিয়াত রহমান ইলা

ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া সেই মাহাদিয়াত রহমান ইলা এইচএসসি পরীক্ষার ফলে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ইলা। মেয়ের ফলাফল দেখে নির্বাক মা-বাবা ও পরিবারের সদস্যরা। 

জানা যায়, এইচএসসি পরীক্ষা শেষে ঢাকায় থেকে মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন ইলা। গত ৭ নভেম্বর জ্বরে আক্রান্ত হলে তিনি ঢাকা থেকে ফেনীতে চলে আসেন। ৯ নভেম্বর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর এক চিকিৎসকের তত্ত্বাবধানে ফেনী সদরে নিজ বাড়িতে থেকে মাহাদিয়াতের চিকিৎসা চলছিল। ১০ নভেম্বর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন ফেনী জেনারেল হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেক পরই তার মৃত্যু হয়।

ইলা ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের একমাত্র মেয়ে। মেয়ের ফলাফলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ইলার বাবা মিজানুর রহমান কান্নজাড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সে এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল। ইলার স্বপ্ন ছিল চিকিৎসক হবে। কিন্তু ডেঙ্গু সব স্বপ্ন কেড়ে নিয়ে গেল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!