একসঙ্গে বাবা-ছেলে ও নাতনির মৃত্যু, পাশাপাশি কবরে দাফন
অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নাটোরের নিহত পাঁচজনের মধ্যে একই পরিবারের তিনজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার চককান্তপুর পশ্চিমপাড়া গ্রামের ঈদগাহ মাঠে দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের মধ্যে নিহত ইউনুস আলী, তার ছেলে লাবু হোসেন ও নাতনি শারমিন খাতুনের জানাজা নামাজ শেষে চককান্তপুর পশ্চিমপাড়া গোরস্থানে তাদের দাফন করা হয়।
চাপিলা ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, রোববার বেলা ১১টায় নিহত একই পরিবারের ইউনুস আলীর মেয়ে পারভিন খাতুনকে স্বামীর বাড়ি গুরুদাসপুর উপজেলার খীদির চাপিলা গ্রামে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।
চাপিলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য রবিন ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টায় নিহত অটোচালক মোখলেসুর রহমানকে একই ইউনিয়নের মুকিমপুর গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজা শেষে ওই গোরস্থানেই দাফন করা হবে।
জানা যায়,শনিবার রাত ২টার দিকে নিহত পাঁচজনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুদাসপুর উপজেলার চককান্তপুর গ্রামে নিয়ে আসা হয়। সেখান থেকে রাতেই পারভিন খাতুনের মরদেহ তার স্বামীর বাড়ি চাপিলায় ও অটোচালক মোখলেসুর রহমানকে মুকিমপুর গ্রামে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সকাল থেকেই নিহতদের বাড়িতে সমবেদনা জানাতে ভিড় জামান স্থানীয়রা। স্বজনদের আহাজারিতে চককান্তপুর গ্রামের বাতাস ভারি হয়ে উঠে।
৯ বছরের ছেলে নাছির ও দুই বছরের মেয়ে মাওয়াকে বুকে জড়িয়ে কান্না করছেন নিহত লাবু হোসেনের স্ত্রী খালেদা বেগম। মাঝে মাঝেই শোকে মুর্ছা যাচ্ছেন।