ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে ডাকাত নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ২১ নভেম্বর ২০২৩
ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে ডাকাত নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে একজন আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সকালে স্থানীয়রা আরো ২ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এছাড়া ডাকাতের হামলায় একজন আহত হন।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকায় সাবেক সচিব আ. হাকিমের ভাই আ. হালিমের বাড়িতে ৫ জনের একটি ডাকাত দল প্রথমে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাত দলটি পালিয়ে গিয়ে একই এলাকার ভ্যানচালক দেলোয়ার হাওলাদারের বাড়িতে হানা দিয়ে তুষার হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে লাখ টাকার মালামাল লুট করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ডাকাত দলের সদস্য মির্জন খালাসী (৪২) ও হাসমত বেপারীকে (৪৩) আটক করে গলধোলাই দেন।

খবর পেয়ে শিবচর থানার এসআই গোলজার হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহতাবস্থায় ২ জনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মির্জন খালাসীকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত মির্জন খালাসী শিবচর উপজেলার সম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসীর ছেলে। এদিকে সকালে সন্দেহজনক চলাফেরা করায় সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামালকে (৬৫) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

হাসপাতালে আহত হাসমত বলেন, এই প্রথমই গেছিলাম অটো চুরি করতে। আমরা ৫ জন ছিলাম। জেলখানায় ওদের সঙ্গে পরিচয়। এলাকার লোকজন মারছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম বলেন, ভোররাতে দুইজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। 

বাশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বলেন, মির্জন এর আগেও ডাকাতি করেছেন বলে জেনেছি। তার বিরুদ্ধে আগেও মামলা আছে। 

শিবচর থানার এসআই গুলজার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনি। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে ভর্তি রয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় আরো দুইজনকে আটক করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ডাকাতি
লিংক সফলভাবে কপি হয়েছে!