বুধবার (১৫ নভেম্বর) প্রেসক্লাবের আয়োজনে বরগুনা সদরের নলটোনা ইউপিতে সিডরে নিহতদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, হাসানুর রহমান ঝন্টু, জাকির হোসেন মিরাজসহ স্বজনহারা পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া পাথরঘাটায় সিডরে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
.png)
আজ সেই প্রলয়ঙ্করী ১৫ নভেম্বর। ২০০৭ সালের ওই রাতে শতাব্দীর সবচেয়ে ভয়াল সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় ‘সিডরের’ আঘাতে উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। শত শত মানুষ, গবাদি পশু ও বন্যপ্রাণীর জীবন প্রদীপ নিভে যায়। নিখোঁজ হয় বহু মানুষ। দুর্যোগের আগের দিনও যে জনপদ ছিল মানুষের কোলাহলে মুখরিত, প্রাণচাঞ্চল্য ছিল শিশু কিশোরদের। মাঠজুড়ে ছিল কাঁচা-পাকা সোনালি ধানের সমারোহ, পর দিনই সেই জনপদ পরিণত হয় মৃতের ভাগাড়ে। বছর ঘুরে দিনটি আসলেই গুমরে কাঁদেন বরগুনাবাসী।