ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে যুবককে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ২৫ অক্টোবর ২০২৩
সিরাজগঞ্জে যুবককে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন
ফাইল ফটো

সিরাজগঞ্জের বেলকুচিতে মনোতোষ (৩২) নামের এক যুবককে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। রায় ঘোষণার সময় পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। একজন পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বেলকুচি উপজেলার খাস সোনামুখী মধ্যপাড়া গ্রামের শ্রী সুজন কুমার সরকার, বিশ্বাস বাড়ি এলাকার রুবেল, বলরামপুর পূর্বপাড়া এলাকার শিপন, একই গ্রামের ইউসুফ আলী, লিটন মণ্ডল ও সড়াতৈল গ্রামের রায়হান সরদার। এর মধ্যে শ্রী সুজন কুমার পলাতক রয়েছেন।

Advertisement

এছাড়া দণ্ডপ্রাপ্ত রায়হান সরদারকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩৪ ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, আসামি রায়হান সরদার ও শিপন ভুক্তভোগী মনোতোষের বাবার করাতকলে (সমিল) কাজ করতেন। কাজের সময় রায়হান সরদার মনোতোষের বাবার কাছ থেকে ২২ হাজার টাকা ঋণ নেন। কিছুদিন পর মনোতোষের বাবার করাতকলটি বন্ধ হয়ে গেলে তারা অন্য জায়গায় কাজ করেন। এ সময় মনোতোষের বাবা পাওনা টাকার জন্য রায়হান সরদারকে চাপ দিলে ও বকাঝকা করলে রায়হান ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন।

এই পরিকল্পনা অনুয়ায়ী ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর আসামিরা ভুক্তভোগী মনোতোষকে অপহরণ করেন এবং তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে আসামিরা মনোতোষকে মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এসময় মনোতোষ নিস্তেজ হয়ে পড়লে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শ্রী অচিন্ত্য কুমার সরকার বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!