ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ২৩ অক্টোবর ২০২৩
স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
প্রতীকী ছবি

নোয়াখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. আবু তাহের জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রামের নুর হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

জানা যায়, পারিবারিক কলহের জেরে আবু তাহের ২০২২ সালের ১১ আগস্ট রাতে স্ত্রী তাজনেহার বেগমকে পিঠিয়ে জখম করে হত্যা করেন। পরে তাহের ঐ রাতেই পালিয়ে যান। পরের দির সকালে ঘুম থেকে উঠার পর তাদের পুত্রবধূ আছমা আক্তার শাশুড়ির কক্ষের দরজা খোলা দেখতে পান। ভেতর গিয়ে দেখেন- শাশুড়ি তাজনেহারের মরদেহ খাটের উপর পড়ে আছে। তাৎক্ষণিক বিষয়টি আছমা তার স্বামী মো. রুবেলকে মুঠোফোনে অবগত করেন। খবর পেয়ে পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ ঘটনায় তাদের ছোট ছেলে মো. রুবেল বাদী হয়ে বাবা মো. আবু তাহেরকে একমাত্র আসামি করে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি আবু তাহেরকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!