ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’

বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ২৪ অক্টোবর ২০২৩
বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়ায় বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার দুপুরে বিআইডব্লিউটিএর উপপরিচালক ও বরিশাল নদীবন্দরের কর্মকর্তা আবদুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছে।

ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠছে ১১০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। 

Advertisement

বিআইডব্লিউটিএর উপপরিচালক আবদুর রাজ্জাক বলেন, বরিশাল বিভাগ বিশেষ করে বরিশাল ও ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবটা বেশি পড়তে পারে। এ জন্য বরিশাল-ভোলাসহ বিভাগে সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদসংকেত ও বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কসংকেত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!