সোমবার (২৩ অক্টোবর) রাত ১১টায় গণমাধ্যমকে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘এইমাত্র কালনী এক্সপ্রেস ভৈরব স্টেশন ছেড়ে সিলেটের পথে রওনা হয়েছে। অন্যান্য ট্রেনও এখন চলাচল করবে’।
.png)
এদিকে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিনজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এই তিনজন হলেন- যাত্রীবাহী ট্রেনের পেছনে ধাক্কা দেওয়া মালবাহী ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ড।
এছাড়াও সংঘর্ষের ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করেছে রেলওয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। ঢাকা বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন- ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকোমোটিভ, বিভাগীয় প্রকৌশলী-১ এবং বিভাগীয় সিগনাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী। চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন- রেলওয়ের সিওপিস মো. শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার, আরমান হোসেন, সিএসপি তুষার ও চিফ মেডিক্যাল অফিসার আহাদ আলী সরকার।
এর আগে সোমবার বিকেল পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধু এর সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। মালবাহী ট্রেনটি পেছন থেকে এগারো সিন্ধুকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী এগারো সিন্ধু ট্রেনের পেছনের দুটি বগি তছনছ হয়ে যায়। এ ঘটনায় ১৭ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুই পাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। উদ্ধারকারী ট্রেন আসার পর কনটেইনার ট্রেনটি চট্টগ্রামের দিকে ছেড়ে যায়।