শনিবার (২১ অক্টোবর) কংক্রিট মিক্সিং বহনকারী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও যাত্রীবাহী বাসচাপায় ভ্যান চালক নিহত হয়েছে।
কংক্রিট মিক্সিং বহনকারী ট্রাকচাপায় নিহতরা হলেন, নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের রয়েল কাজী (৩৫), কুমিল্লা জেলার মতলব উপজেলার শাহাবাগ কান্দি গ্রামের আসিফ (৩০)।
.png)
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় আকিজ কোম্পানির কংক্রিট মিক্সিং বহনকারী ট্রাক ঢাকাগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে আকিজ কোম্পানির অ্যাম্বুলেন্সে করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, হাসপাতালে আসার আগেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
খরব পেয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুয়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানান।
অপরদিকে শনিবার সকাল ৯টার দিকে মহাসড়কের উকিল বাড়ি নামকস্থানে সৌখিন বাসের ধাক্কায় এক ভ্যান চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ভ্যান চালক হেনু মিয়া (৪৫) উপজেলার পাড় ধানীখোলা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
ত্রিশাল ফায়ার স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছায়। এসময় আকিজ কোম্পানির অ্যাম্বুলেন্সে আহত দুই মোটরসাইকেল আরোহীকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকায় আকিজ কোম্পানির কংক্রিট মিক্সিং বহনকারী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।