ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘স্কুল ব্যাংকিং শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অবদান রাখবে’

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ২১ অক্টোবর ২০২৩
‘স্কুল ব্যাংকিং শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অবদান রাখবে’
দিনাজপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাংকের রংপুর আঞ্চলিক কেন্দ্রের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম- ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের রংপুর আঞ্চলিক কেন্দ্রের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বলেছেন, স্কুল ব্যাংকিং শিক্ষার্থীদের অর্থনৈতিক, আধুনিক ব্যাংকিংসেবা ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা সৃষ্টি করবে। আমার বিশ্বাস শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়তে এই কার্যক্রম যথেষ্ট অবদান রাখবে।

শনিবার দিনাজপুরে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ এর উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে স্কুল ব্যাংকিং প্রচলন করার জন্য সব তফসিলি ব্যাংকে পরামর্শ প্রদান করে। এরই ধারাবাহিকতায় অধিকাংশ তফসিলি ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। এরই মধ্যে উল্লেখ্যযোগ্য অগ্রগতি অর্জন করেছে ব্যাংকগুলো।

Advertisement

এ সময় জনতা ব্যাংক পিএলসি রংপুর বিভাগের মহাব্যবস্থাপক আনিছুর রহমান আকন্দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি দিনাজপুর এরিয়ার ডিজিএম গোলাম ফারুক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকার উপ-ব্যবস্থাপনা পরিচালক রমজান বাহার, সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস দিনাজপুরের জেনারেল ম্যানেজার শাহ্ জাহান, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার যুগ্ম-পরিচালক এসএম জুবায়ের হোসেন ও দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।

সভার শুরুতে ফিলিস্তিনে নিহত নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক ‘পুতুল নাচ’ প্রদর্শিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!