ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদে চুরি করে চিরকুটে চোর- ‘মা অসুস্থ তাই চুরি করলাম’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ২ অক্টোবর ২০২৩
মসজিদে চুরি করে চিরকুটে চোর- ‘মা অসুস্থ তাই চুরি করলাম’
ছবি: সংগৃহীত

‘আমি পেশাদার চোর নই, আমার মা অসুস্থ, তাই চুরি করতে বাধ্য হলাম। আর শাস্তি পেলাম পায়ে সেলাই। আমার পা অনেকখানি কেটে গেছে, আমাকে সবাই মাফ করে দিন। আমি এইচএসসি পাস। কিন্তু জীবনে কিছু করতে পারিনি’।

গত শনিবার দিনগত রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ থানা জামে মসজিদে চুরির পর একটি খাতার পাতায় রক্তমাখা হাতে এসব লিখে গেছেন এক যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে দৌলৎগঞ্জ থানা জামে মসজিদে কাঁচের দরজা ভেঙে এক যুবক মসজিদের রশিদ বই, সাউন্ড সিস্টেম, ইয়ার ফোন, মাইক সেটের অংশ বিশেষ চুরি করে নিয়ে যায়। এসময় কাঁচের দরজা ভাঙতে গিয়ে তার হাত-পা কেটে রক্তাক্ত জখম। এছাড়া মসজিদের বাইরে থাকা দান বাক্সটি ভাঙার চেষ্টা করে।

Advertisement

মসজিদের মুয়াজ্জিন আরাফাত হোসেন বলেন, প্রতিদিনের মতো রোববার ফজরের নামাজের আজান দিতে গিয়ে দেখতে পাই মসজিদের কাঁচের দরজার তালা ভাঙা এবং পাশে অনেক রক্ত। মসজিদের মালামাল চুরি হয়ে গেছে এবং দান বাক্স ভাঙার চেষ্টা করা হয়েছে। সেখানে একটি খাতায় ‘আমি পেশাদার চোর নই, আমার মা অসুস্থ, মায়ের জন্য চুরি করলাম। আমাকে সবাই মাফ করে দিন। আমি এইচএসসি পাস। কিন্তু জীবনে কিছু করতে পারিনি’ লিখে রেখে যায়।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ঘটনার পর আমরা চোরকে খোঁজাখুঁজি করতে থাকি। পরে জানতে পারি, অভিযুক্ত যুবক জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করেছে।

তিনি আরো বলেন, ঐ যুবকের নাম আপন বলে জেনেছি। বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জে। পরে জীবননগর থানার পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে।

জীবননগর থানার ওসি এসএম জাবিদ হোসেন জানান, ঐ যুবকের মায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জে। মালামাল উদ্ধার করে মসজিদ কমিঠির কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের কোনো অভিযোগ নেই।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!