ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘বিষ খাইয়ে হত্যার পর আমার মেয়েকে গাছে ঝুলিয়ে রেখেছে’

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৩
‘বিষ খাইয়ে হত্যার পর আমার মেয়েকে গাছে ঝুলিয়ে রেখেছে’
ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয়ে আমেনা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার উলাইল নীলগ্রামে আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ওসি (তদন্ত) মো. হানিফ শেখ বলেন, আম গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Advertisement

নিহত আমেনা শিবালয় উপজেলার গোয়ালখালী গ্রামের আক্কাস আলীর মেয়ে। প্রায় দুই বছর আগে নীল গ্রামের মজিবুরের সঙ্গে পারিবারিকভাবে আমেনার বিয়ে হয়। 

আক্কাস আলী বলেন, শনিবার সকালে লোকমুখে সংবাদ পাই, আমার মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মেয়ের শ্বশুরবাড়ি ছুটে আসি। সেখানে দেখি আমার মেয়ে ঘরের পেছনে আম গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসে ঝুলছে। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটলেও মেয়ের জামাই, শ্বশুর-শাশুড়ি কেউ বিষয়টি আমাদের জানায়নি।  

শ্বশুরবাড়ির লোকজন আমেনাকে মাঝেমধ্যে মারধর করত বলে জানান আক্কাস আলী। তিনি বলেন, গতকাল বিকেলেও এরা (শ্বশুরবাড়ির লোকজন) আমার মেয়ের সঙ্গে ঝগড়া করেছে বলে মেয়ে আমাদের জানিয়েছিল। রাতে বিষ খাইয়ে হত্যার পর তারা আমার মেয়ের মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে। মরদেহ নামানোর পর মুখ থেকে বিষের গন্ধ ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও মরদেহের মুখ থেকে বিষের গন্ধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি হানিফ শেখ। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!