ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাই হত্যায় পাঁচ ভাই-বোনসহ ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ৫ সেপ্টেম্বর ২০২৩
ভাই হত্যায় পাঁচ ভাই-বোনসহ ৭ জনের যাবজ্জীবন
সাজাপ্রাপ্তরা

কিশোরগঞ্জে কৃষক রিটন মিয়া হত্যা মামলায় নিহতের চার ভাই, এক বোন এবং ভাবিসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। নিহত কৃষক রিটন মিয়া (৪৫) পাকুন্দিয়া উপজেলায় খালিশাখালী গ্রামের মতিউর রহমানের ছেলে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত রিটনের বড় ভাই বকুল, ছোট তিন ভাই নজরুল, খোকন, সাত্তার ও ছোট বোন চম্পা আক্তার এবং ছোট ভাই নজরুলের স্ত্রী রহিমা খাতুন ও প্রতিবেশী মো. সৈয়দ।

Advertisement

মামলার সরকার পক্ষের আইনজীবী এপিপি দিলিপ কুমার ঘোষ এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে বাড়ির সীমানা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে রিটন মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান আসামিরা। পরে স্বজনরা রিটন মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই নিহত রিটন মিয়ার স্ত্রী মোছা. ছালমা আক্তার বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ১৯ অক্টোবর পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক সারোয়ার জাহান সাতজনকেই আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!