ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুধের শিশুকে বিষ খাইয়ে হত্যা, নারীর যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ৪ সেপ্টেম্বর ২০২৩
দুধের শিশুকে বিষ খাইয়ে হত্যা, নারীর যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে দেড়মাসের এক দুধের শিশুকে বিষপানে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার বিকেলে সিলেট জেলা ও দায়রা জজ পঞ্চম আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. আক্তার হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুমনা আক্তার সুরমা কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

বাদীপক্ষের আইনজীবী এপিপি মোস্তফা দেলোয়ার আল-আজহার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের দেড়মাসের শিশু নাদিম আহম্মেদকে কীটনাশক খাইয়ে হত্যা করেন সুমনা আক্তার। তিনি সম্পর্কে নাদিমের চাচি। সুমনা আক্তার তার জায়ের প্রতি হিংসার বশবর্তী হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে সুমনাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

এ ঘটনার পর পালিয়ে যান আসামি সুমনা। পরে ২০১৮ সালের ২৮ জানুয়ারি সিলেট দক্ষিণ সুরমার কদমতলি বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯। আজ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!