সোমবার বিষয়টি জানিয়েছেন পিবিআইয়ের মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
পিবিআই মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযুক্ত জাহিদ ও বাবু করিরাজকে রোববার গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
.png)
পিবিআই সূত্র জানায়, ২০২২ সালের ৬ মার্চ রাতে ডাকাতদল সিংগাইর উপজেলার চাকুলিয়া গ্রামে আরিফ মোল্লার বাড়িতে ঘরের দরজা ভেঙে ডাকাতি করে। এ সময় তারা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, কানে থাকা ৮ আনা ওজনের দু’জোড়া স্বর্ণের দুল, দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
এ ঘটনায় তখন সিংগাইর থানায় ডাকাতি মামলা করেন ভুক্তভোগী গৃহকর্তা মো. আরিফ মোল্লা। তবে মামলার রহস্য উদঘাটন করতে পারেনি থানা পুলিশ। চলতি বছরের মার্চে মামলাটি পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে পিবিআই মানিকগঞ্জ তদন্তের দায়িত্ব পায়।
মামলাটি তদন্ত করেন এসআই (নি.) হিরণ চন্দ্র মজুমদার। তদন্ত শেষে অভিযুক্তদের গ্রেফতার করেন তিনি। এরপর বেরিয়ে আসে ক্লুলেস ডাকাতি মামলার আসল কাহিনী। জানতে পারেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা খরচ মেটাতে ডাকাতির পরিকল্পনা করেন অভিযুক্ত জাহিদ মোল্লা। ডাকাতি করতে সঙ্গে নেন ফরিদপুরের ডাকাত বাবু কবিরাজকে (৩৫)। প্রথমে মূল পরিকল্পনাকারী জাহিদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর থেকে বাবু কবিরাজকেও গ্রেফতার করা হয়।