ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ৪ সেপ্টেম্বর ২০২৩
চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
বেগমগঞ্জ মডেল থানা। ফাইল ফটো

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত নাসির উদ্দিন মাসুদ (৩৭) উপজেলার আমানউল্লাহপুর ইউপির অভিরামপুর গ্রামের কোনার বাড়ির জালাল আহমদের ছেলে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়ানী ইউপির ২ নম্বর ওয়ার্ডের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়ি থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। এর আগে, একই দিন ভোরে উপজেলার ছয়ানী ইউপির ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার রাত ৩টার দিকে নিহত মাসুদ উপজেলার ছয়ানী ইউপির ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে চুরি করতে ঢুকে। বিষয়টি আচ করতে পেরে বাড়ির মালিক চিৎকার করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে দেখতে পেয়ে চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।

Advertisement

ছয়ানী ইউপি চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান বলেন, চুরির জন্য ঢুকেছে না মাইয়োল্যা (মেয়ে) চুরির জন্য ঢুকেছে। আমরা এর বিকল্পটাও চিন্তা করি। নারী ঘটিত কোনো ব্যাপারও হতে পারে।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। এরপর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি তদন্ত আরো বলেন, এ বিষয়ে এখনই কিছু বিস্তারিত বলা যাচ্ছে না, এটা তদন্তের বিষয়। এ বিষয়ে তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে নিহত মাসুদের বিরুদ্ধে আগের কোনো চুরির মামলা আছে কিনা এমন প্রশ্ন করা হলে এ পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!