ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমজ সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ৪ সেপ্টেম্বর ২০২৩
জমজ সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী
ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় জমজ সন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। রোববার সকালে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের একটি বাড়িতে তিনি সন্তান প্রসব করেন। পরে গৃহকর্তা জামিরুল নাম পরিচয়হীন ওই নারীকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

গৃহকর্তা জামিরুল ইসলাম বলেন, রোববার সকাল ৬টার দিকে বিছালির (খড়) ঘরে ভেজা কাপড়ে সন্তানসম্ভবা এক ভারসাম্যহীন নারীকে দেখতে পাই। তিনি নামঠিকানা কি কিছুই বলতে পারেনি। এ সময় আমার স্ত্রীসহ আশপাশের আরো কয়েকজন তাকে সহযোগিতা করেন। সেখানে একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই নারী। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। হাসপাতালে নেয়ার পর নিজের নাম আকলিমা ও স্বামীর নাম তারেক বলে জানান ওই নারী।

হাসপাতালে প্রসূতি ও জমজ শিশুর পাশে থাকা যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন জানান, রোববার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন এক প্রসূতি নারীকে ভর্তি করা  হয়েছে। তার জমজ ছেলে-মেয়ের জন্ম হয়েছে। কিন্তু তার পরিচয় শনাক্ত হয়নি। তাকে দেখার মতো কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসেছি। আমরা মা ও শিশু দুটির দেখাশোনা করছি। মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসার পর সেটি বন্ধ হয়েছে। শিশু দুটির পরিচর্যার পাশাপাশি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছি এনজিও, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা তান্নি বলেন, ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও হাসপাতালে টিএইচর কাছে সংবাদ পেয়ে সমাজসেবা কর্মকর্তাকে তদন্তে পাঠিয়েছি। উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সুস্থ হয়ে উঠলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!