নিখোঁজ মাদক ব্যবসায়ী কুদ্দুস সরদার টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও গ্রামের আ. ছাত্তার সরদারের ছেলে। তিনি ও তার পরিবার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের ব্যাপারে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, খালে ঝাঁপ দেওয়ার পর থেকে তার সন্ধান না পেয়ে কুদ্দুসের পরিবার ৯৯৯ ফোন করলে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
.png)
এর আগে গতকাল বুধবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টা দিকে উপজেলার বালিগাঁও এলাকায় তালতলা ডহরী খালে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন বিকেলে কুদ্দুসকে ধাওয়া করে টঙ্গিবাড়ী থানা পুলিশের সদস্যরা। পরে পুলিশের ধাওয়া খেয়ে বালিগাঁও বাজারের পাশে তালতলা গৌরগঞ্জ খালে গ্রেফতার এড়াতে ঝাঁপ দেন তিনি। খালটি বেশ প্রশস্ত ও প্রবল স্রোত থাকায় তিনি নিখোঁজ হন।
স্থানীয়রা আরও বলেন, কুদ্দুস সরদার ও তার পরিবারের লোকজন বালিগাঁও এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা মাদক বিক্রির পাশাপাশি বাড়িতে জুয়ার আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করেছে। কিছুদিন পরপর আইনশৃঙ্খলা বাহিনী তাদের পরিবারের লোকজনকে ধরে নিয়ে যায়। ফের তারা জেলহাজত থেকে জামিনে বের হয়ে মাদক ব্যবসা চালিয়ে যান।
কুদ্দুস সরদারের বড় মেয়ের জামাতা আজিজ জানান, পুলিশ কী কারণে আমার শ্বশুরকে ধাওয়া করেছে তা আমাদের জানা নেই। তবে তিনি পানিতে ঝাঁপ দিয়ে পড়ার পর পুলিশ তাকে উদ্ধারের কোনো চেষ্টা করেনি এমনকি আমাদের পরিবারকেও বিষয়টি জানায়নি। আমরা তার খোঁজ না পেয়ে এলাকাবাসীর কাছে জানতে পেরে রাতে ৯৯৯ এ ফোন দিলে সকালের দিকে ডুবুরি দল এসে অনুসন্ধান শুরু করে।
ফায়ার সার্ভিস হেড অফিসের ডুবুরির ভ্রাম্যমাণ কর্মকর্তা আবুল খায়ের বলেন, ভুক্তভোগীর পরিবার ৯৯৯ ফোন করলে আমাদের অবহিত করে পুলিশ। পরে আমরা এসে সকাল থেকে আমাদের ৪ জন ডুবুরি দিয়ে পানিতে খোঁজার কাজ শুরু করি। ঘটনাস্থলের এক থেকে দেড় কিলোমিটার আশেপাশের অংশে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান প্রথম দিনের মতো সমাপ্ত করা হয়েছে।
টঙ্গিবাড়ী থানার ওসি রাজিব খাঁন বলেন, পুলিশ অন্য কাজে ওই এলাকায় গেলে পুলিশ দেখে কুদ্দুস সরদার নদীতে ঝাঁপ দেয়। তাকে পুলিশ তাড়া করেনি। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ড্রেস পরা পুলিশ দেখে পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরাতে থাকে। এটা স্থানীয় লোকজন দেখছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিকে পুলিশের ধাওয়া করার যে বিষয়টি বলা হচ্ছে এটি খতিয়ে দেখা হচ্ছে।