ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪ দিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ৪ আগস্ট ২০২৩
৪ দিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

টানা ৪ দিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটে শুরু হয়েছে ফেরি চলাচল। এরমধ্যে দিয়ে দেশের ২১ জেলার সঙ্গে আবারও যুক্ত হলো ভোলা। 

শুক্রবার বিকেলে ইলিশা ফেরিঘাটের দুটি ঘাটের মধ্যে একটি ঘাট সচল করে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। এরপর থেকে ফেরিতে যানবাহন লোড-আনলোড করে। পরে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যায় ফেরি।

এর আগে, গত মঙ্গলবার (১ আগস্ট) ইলিশা ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে বিকল হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাড়ে শতশত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।

Advertisement

ইলিশা ফেরিঘাটে আটকে থাকা ট্রাকচালক জামাল বলেন, চরফ্যাশন থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম যাব। কিন্তু ইলিশা ঘাটে এসে আটকে ছিলাম। অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। আজ ফেরি চালু হওয়ায় ট্রাক নিয়ে ফেরিতে উঠছি।

ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান বলেন, ১ আগস্ট ঝড়ের সময় বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ শতাব্দী নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়াটার ইলিশা ফেরিঘাটে ধাক্কা দেয়। এতে ঘাটের পন্টুন ও গ্যাংওয়ে দুমড়ে-মুচড়ে বিকল হওয়ায় ফেরি চলাচল বন্ধ ছিল। আজ পন্টুন ও গ্যাংওয়ের মেরামতের কাজ শেষ হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, ভোলার সঙ্গে খুলনা, চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র পথ হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস। এই রুট দিয়ে প্রতিদিন চারটি ফেরিতে দুই শতাধিক যানবাহন চলাচল করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেরি ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!