বৃহস্পতিবার রাতে মদনপুর নেহাল সরদারের বাগ ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মো. অনিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত গৃহবধূ সোনারগাঁও উপজেলার কাঁচপুর রাগারটেক গ্রামের জুলফিকার আলীর মেয়ে।
নিহতের ভাই খাইরুল ইসলাম জানান, দুই বছর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার রামারফুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে অনিকের সঙ্গে প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে করেন আফসানা। বিয়ের পর থেকে তারা বন্দরের লাউসার নেহাল সরদারের বাগ করিম মেম্বারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। তাদের সংসারে আব্দুল্লাহ নামে ১০ মাস বয়সী এক সন্তান রয়েছে।
.png)
তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাতে আমার ছোট বোন আফসানাকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে তার স্বামী।
স্থানীয়রা জানান, বিয়ের পর দুই বছর একই বাসায় ভালোভাবেই তাদের ঘর-সংসার চলছিল। তবে ছোটখাটো বিষয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-মারামারি হতো। বৃহস্পতিবার রাতেও খাওয়া-দাওয়া শেষে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর রাত দেড়টার দিকে বাড়িওয়ালাকে অনিক ডেকে এনে দেখান- তার স্ত্রী ফাঁস নিয়েছেন। আর বিছানায় ঘুমিয়ে ছিল শিশু আব্দুল্লাহ।
ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই তৌহিদুজ্জামান জানান, ঐ গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে দেখা যায়- গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ঐ গৃহবধূর স্বামী অনিককে আটক করা হয়েছে।