ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৩, ২৬ জুলাই ২০২৩
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ফাইল ফটো

বগুড়ায় যৌতুকের দাবিতে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জিয়াউর রহমান জিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ বগুড়ার বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আশেকুর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের জুনে বগুড়ার শিবগঞ্জের বগিলাগাড়ি গ্রামের লতিফুল বারীর মেয়ে মিনা আক্তারের সঙ্গে পাশের গ্রামের জিয়াউর রহমান জিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দু’লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন জিয়া।

২০১১ সালের সালের ৭ অক্টোবর শ্বশুরবাড়ি থেকে মিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঐ সময় পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা নিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে চিকিৎসক ময়নাতদন্তে মিনাকে শ্বাসরোধ করে হত্যার প্রতিবেদন দাখিল করে।

এরপরেই মিনার বাবা লতিফুল বারী হয়ে শিবগঞ্জ থানায় জিয়াসহ তার বাবা তোজাম্মেল হক, মা জোবেদা বেগম ও দুই ভাইকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১২ সালে ২৯ ফেব্রুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেখানে মিনার স্বামী জিয়াকে একমাত্র আসামি করে বাকিদের অব্যাহতি দেওয়া হয়। পরে দীর্ঘ ১১ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।

অ্যাডভোকেট আশেকুর রহমান সুজন বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। আসামি পলাতক আছেন। আশা করি দ্রুত সময়ে তাকে গ্রেফতার করে রায় কার্যকর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!