ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠির সেই ঘাতক বাসের সুপারভাইজারকে গ্রেফতার করেছে র‌্যাব

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৬, ২৪ জুলাই ২০২৩
ঝালকাঠির সেই ঘাতক বাসের সুপারভাইজারকে গ্রেফতার করেছে র‌্যাব
ঝালকাঠির ঘাতক বাসের সুপারভাইজার মিজান র‌্যাবের হাতে আটক - ফাইল ছবি

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭জন নিহত হওয়ার ঘটনায় সেই বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৪ জুলাই) বিকেল পৌনে ৫টায় বরিশাল র‌্যাব-৮ এর একটি দল রাজাপুর থেকে তাকে গ্রেফতার করে।

মিজান নলছিটি উপজেলার পুর্ব রায়াপুর (বটতলা) এলাকার মসৃত. নুরুল ইসলাম হাওলাদারের পুত্র।

Advertisement

এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার সকাল ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহী বাস “বাশার স্মৃতি পরিবহন” (গাড়ি নং- ঢাকা- মেট্রো ব ১৪৬৫৪৯) অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিলো। পথিমধ্যে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ১৭ জনের মৃত্যু ও ৩৫ জন আহত হয়েছে।

এঘটনায় সদর থানা পুলিশের এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে একটি মামলা (নং-১৪) দায়ের করে। ঘটনার পর থেকেই আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব।

ঘটনার প্রায় ৫৫ ঘণ্টা পরে রাজাপুর থেকে অভিযান চালিয়ে ঘাতক বাসের হেল্পার মিজান ওরফে ফয়সালকে আটক করতে সক্ষম হয়। আসামী মিজানকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব। সদর থানার ডিউটি অফিসার এসআই দেবাশীস গ্রেফতার ও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!