ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কবুতর কেনাবেচার মেলা বসে যে হাটে

শাহজাদা এমরান, কুমিল্লা
প্রকাশিত: ১৯:৪০, ২৩ জুলাই ২০২৩
কবুতর কেনাবেচার মেলা বসে যে হাটে
ছবি: ডেইলি বাংলাদেশ

সপ্তাহ ঘুরে শুক্রবার এলেই কিশোর, তরুণ, যুবকসহ সব বয়সী মানুষ মিলিত হন প্রাণের টানে। জুম্মার নামাজের পর থেকে শুরু হয় তাদের এ মিলন। হাতে থাকে খাঁচা ভর্তি দেশি ও বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর। আবার অনেকে আসেন খালি হাতে।

দু’দলের মধ্যে মিলন মেলায় শুরু হয় শখ বেচাকেনা। কেউ শখের কবুতর বিক্রি করেন, আবার কেউ শখ করে কেনেন। কুমিল্লা শহরতলীর বলারামপুর দিদার সমিতিতে বসে ব্যতিক্রমধর্মী এ কবুতরের হাট। প্রতি সপ্তাহে এ হাটে প্রায় দুই লাখ টাকার কবুতর বিক্রি হয়। এ হাটে কবুতর বেচে স্বাবলম্বী হচ্ছেন তরুণ ও যুবকরা।

চার বছর ধরে শৌখিন ব্যবসায়ীরা এখানে গ্রিবাজ, সিরাজী, নবাবি, লাহোরি, রেসার ও ময়ূরপঙ্খীসহ নানান রঙের দেশি ও বিদেশি দুর্লভ প্রজাতির কবুতর নিয়ে আসেন। কবুতরের সঙ্গে ব্যবসায়ীরা দেশি ও বিদেশি নানান প্রজাতির পোষা পাখিও বিক্রি করেন।

Advertisement

মিরাজ ও সাইফুল নামে দুই ব্যবসায়ী জানান, পোষা কবুতর বিক্রির মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন শতশত তরুণ-যুবক। এ হাটে এক জোড়া কবুতর ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাচ্চাও পাওয়া যাচ্ছে খাবারের জন্য। এছাড়া প্রতি সপ্তাহে বাড়ছে ক্রেতা ও বিক্রেতা।

দেশি-বিদেশি নানান প্রজাতির কবুতর ও ঘুঘু পাখির খামারি মনিরুল ইসলাম। অবসরে যাওয়া এ সরকারি চাকরিজীবী কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার বাড়িতে শখের বসে কবুতর ও ঘুঘু পাখি পালন শুরু করেন। বর্তমানে সেটি খামারে রূপান্তর হয়েছে। তিনি বলেন, বেকার তরুণ ও যুবকরা চাইলে কবুতর ও ঘুঘু পাখি পালনে সহজে স্বাবলম্বী হতে পারেন।

কবুতর দোকান কমিটির সভাপতি শাহসুফি মো. গিয়াস উদ্দিন বলেন, দিদার কবুতর হাটের মিলন মেলা দেখে আগ্রহী হচ্ছেন তরুণ ও যুবকরা। তারাও কবুতর পালনে স্বাবলম্বী হতে চান। হাটে কবুতর বেচাকেনায় কোনো ধরনের হাসিল বা অর্থ নেয়া হয় না। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা এ শৌখিন ব্যবসায়ীদের নানাভাবে সহযোগিতা করছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!