ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনে পরিবহন শ্রমিক, অন্ধকার রাতে ভয়ঙ্কর ছিনতাইকারী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৯, ১২ জুলাই ২০২৩
দিনে পরিবহন শ্রমিক, অন্ধকার রাতে ভয়ঙ্কর ছিনতাইকারী
ছবি- সংগৃহীত

দিনের আলো ফুরিয়ে অন্ধকার রাত নামলেই ভয়ঙ্কর হয়ে উঠতো একটি চক্র। গভীর রাতে বাসে যাত্রী তুলে নির্জন স্থানে নিয়ে তাদের জিম্মি করে ছিনতাই করতেন ছিনতারী দলের সদস্যরা। অবশেষে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন‒ আজিম, সাজ্জাদ হোসেন আজাদ, নিশাদ, মুন্না ও সাইফুল ইসলাম নাঈম।

বুধবার ভোরে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর এলাকা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বাস এবং ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ জানায়, আটককৃতরা দিনে বাসে করে পোশাক শ্রমিকদের আনা-নেয়া করে। আর গভীর রাতে বাস নিয়ে বের হয় এবং যাত্রী তুলে নির্জন স্থানে নিয়ে ছিনতাই করে। তারা সবাই দলবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। 

উল্লেখ্য, গত রোববার ভোরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে পারভেজ খান নামে এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। 

এ সময় আখতারুজ্জামান জানান, মুন্সীগঞ্জ থেকে বাসে ওই দিন ভোরে চট্টগ্রামে আসেন। ভোর সোয়া ৪টার দিকে নগরের জিইসি মোড়ে নেমে তিনি বন্দরে যাওয়ার জন্য লোকাল বাসে ওঠেন। বাসটি আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠলে যাত্রীবেশী কয়েকজন তাকে মারধর শুরু করে। এ সময় তারা মোবাইল ফোন, নগদ সাড়ে ২০ হাজার টাকা, ঘড়ি ও কাপড়ের ব্যাগ কেড়ে নিয়ে ফ্লাইওভারে তাকে ফেলে দিয়ে যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা বলেন, পারভেজ খানের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করি। নগরের বিভিন্ন স্পটের ৭৭টি সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাসটি শনাক্ত করা হয়। বাসটি জব্দ ও আসামিদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে পারভেজ খানের মানিব্যাগ ও জামাকাপড়। বাসটির ফিটনেস নেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!