ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে কাঁঠাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ১০ জুলাই ২০২৩
সুনামগঞ্জে কাঁঠাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩
স্বজনদের আহাজারি- ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

সোমবার দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ সংঘর্ষ ঘটে। নিহতরা হলেন, ঐ গ্রামের নজরুল ইমলাম, বাবুল মিয়া ও শাহজাহান।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামের মসজিদে শুক্রবার জুমার নামাজের পর একজনের দান করা একটি কাঁঠাল নিলামে বিক্রি করা হয়। একজন ঐ কাঁঠাল ২৫০ টাকা দিয়ে কিনে নেন। পরে আরেকজন এসে এটি এক হাজার টাকা দাম দেবেন বলে ঘোষণা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে এলাকার মুরব্বিরা ঐ ব্যক্তিদের শান্ত করে বিদায় করেন। 

Advertisement

এরপর এ নিয়ে গ্রামের শহিদুল ইসলাম ও মালদার মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয়ভাবে জনপ্রতিনিধিরা এ বিষয়ে কোনো ঝগড়ায় না জড়ানোর জন্য দুই পক্ষকেই অনুরোধ করেন।

সোমবার সকালেও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাসিত সুজন সরজেমিনে গিয়ে দুই পক্ষকে এ বিষয়ে অনুরোধ করে আসেন। কিন্তু এর কিছুক্ষণ পরই উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে ঘটনাস্থলেই শহিদুল ইসলামের পক্ষে নুরুল ইসলাম ও বাবুল মিয়া নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মালদার আলী পক্ষের শাহজাহান মিয়া নিহত হন।

সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। পুলিশ সব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!