ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের নাটক সাজিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ৮ জুলাই ২০২৩
বিয়ের নাটক সাজিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত মোস্তাফিজুর

জামালপুরে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোস্তাফিজুর শেরপুর সদর উপজেলার রৌহা চড়পাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমানের সঙ্গে ২০১০ সালের ৭ মার্চ জামালপুর সদর উপজেলার নরুন্দি ব্রম্মোত্তর গ্রামের এক নারীর বিয়ে হয়। বিয়ের পর তাদের পরিবারে তিন সন্তানের জন্ম হয়। বিয়ের প্রায় ১২ বছর পর ৩ লাখ টাকা যৌতুকের জন্য ভুক্তভোগীকে নির্যাতন শুরু করেন মোস্তাফিজুর। নির্যাতন সহ্য করতে না পেরে ওই নারী তার স্বামী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ২০২২ সালের অক্টোবরের ৩ তারিখ জামালপুর সদর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই বছরের ৩ নভেম্বর স্বামী মোস্তাফিজুরকে আপোষ শর্তে জামিন দেয় আদালত এবং জামিন পেয়ে মোস্তাফিজুর তার স্ত্রীর সঙ্গে আপোষ মিমাংসা না করে তাকে তালাক দেন।

আরো জানা যায়, সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের হামিদপুরে আপোষ মিমাংসার কথা বলে ৪ জুলাই মোস্তাফিজুর রহমান তার সাবেক স্ত্রীকে নেন। এরপর অপরিচিত এক কাজিকে ঘটনাস্থলে নিয়ে যান মোস্তাফিজুর। এ সময় মোস্তাফিজুর রহমান ওই নারীর নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং নতুন করে ৪ লাখ টাকা দেনমোহর ধার্য করে পুনরায় বিয়ে করেন। ওই দিন তারা একসঙ্গে রাতযাপন করেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরের দিন সকালে স্বামী মোস্তাফিজুর রহমান তার স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলা প্রত্যাহার করতে বলেন। এ সময় মোস্তাফিজুর রহমানের কাছে স্ত্রী নতুন বিয়ের নিকাহনামা চাইলে মোস্তাফিজুর তার বিরুদ্ধে দায়ের করা যৌতুকের মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকেন। এরপর অনেক খুঁজাখুঁজি করেও তাদের নতুন বিয়ের নিকাহনামা কিংবা ওই কাজির কোনো হদিস পাননি ওই নারী এবং তিনি জানতে পারেন, যৌতুকের মামলা কৌশলে প্রত্যাহার করানোর জন্য তার সঙ্গে মোস্তাফিজুর সাজানো বিয়ে করেন এবং ধর্ষণ করেন।

Advertisement

এসব ঘটনার পর ভুক্তভোগী গত শুক্রবার দুপুরে জামালপুর সদর থানায় সাবেক স্বামী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বাদী জানান, তার সাবেক স্বামী মোস্তাফিজুর রহমান একবার তাকে তালাক দিয়ে পুনরায় বিয়ের নাটক সাজিয়ে ভুয়া কাজি দিয়ে বিয়ে রেজিস্ট্রি করেন এবং তাকে ধর্ষণ করেন। এ প্রতারণা ও ধর্ষণের ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, সাবেক স্ত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!