ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নৌকা ডুবে নিখোঁজ ৩, জেলের জালে আটকা কিশোরের লাশ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ৬ জুলাই ২০২৩
নৌকা ডুবে নিখোঁজ ৩, জেলের জালে আটকা কিশোরের লাশ
ফাইল ছবি

নেত্রকোণার পূর্বধলা উপজেলার জামধলা বাজারে কংশ নদে খেয়া নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে।  

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ডেওটুকুন নামক স্থানে মাহবুব নামে ওই কিশোরের লাশ জেলেদের জালে আটকা পড়ে। মৃত মাহবুব দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের ডেউটুকুন গ্রামের রেনু মিয়ার ছেলে। 

এদিকে, একই ইউনিয়নের কৈলাটি গ্রামের স্বপন নামের একজন ও পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নের মারকেন্ডা গ্রামের সোহেল নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।  

Advertisement

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় কংশ নদে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা ও পূর্বধলা উপজেলার কয়েকটি গ্রামের লোকজন জামধলা কৈলাটি মুচিঘাটের খেয়া নৌকায় পারাপার হন। গতকাল মাঝি রঙ্গুলাল নৌকা রেখে দোকানে থাকার সময় কয়েকজন যাত্রী নিজেরাই নৌকা চালিয়ে পার হচ্ছিলেন। তারা নৌকায় নয়জনের মতো ছিলেন। নৌকাটি মাঝপথে গিয়ে ডুবে গেলে দুই পার থেকে অন্যরা এগিয়ে গিয়ে ৬ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসলেও স্রোতের তীব্রতায় রাতে পানিতে নামেনি। পরদিন ভোর ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মাহবুব নামের এক কিশোর জেলেদের জালে আটকা পড়লে। জেলেরা লাশ উদ্ধার করে। 

স্থানীয় ইউপি সদস্য নুর মিয়া ও হানিফ মিয়া জানান, যিনি নৌকা চালান তিনি নদীর ভাব বোঝেন। অন্যদের বোঝার কথা না। তাদের নিজেদের নৌকা চালানো ঠিক হয়নি। মাঝির জন্য অপেক্ষা করে তাদের নৌকায় উঠা দরকার ছিল।  

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান।   

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!