সোমবার দুপুরে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ যৌথভাবে অভিযান চালিয়ে ঐ জাহাজের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করে।
মৃতরা হলেন, জাহাজের মাস্টার রুহুল আমিন খান, জাহাজের চালক সরোয়ার হোসেন ও সুপারভাইজার মাসুদুল আলম বেল্লাল। এর আগে রোববার দুপুরে ইঞ্জিন কক্ষ থেকে জাহাজের গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ চারজনেরই লাশ উদ্ধার হয়েছে।
.png)
বরিশাল কোস্টগার্ডের অপারেশন অফিসার শাফায়েত জানান, বরিশাল থেকে আসা উদ্ধারকারী জাহাজ নির্ভিক সোমবার সকাল ১০টা থেকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজের ডুবে যাওয়া মাস্টার ব্রিজ উদ্ধারের কাজ শুরু করে। মাস্টার ব্রিজের ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
এদিকে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সকাল থেকে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরিদর্শন করেছেন। তারা ঘটনার প্রত্যক্ষদর্শীসহ উদ্ধারকারীদের সঙ্গে কথা বলেছেন।
ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে স্বজনদের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ের ডিপোতে তেল খালাস করা জন্য আসে। নোঙর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো জাহাজে আগুন লেগে যায়। এতে ৫ জন আগুনে দগ্ধ হন এবং ৪ জন নিখোঁজ ছিলেন।