সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া শহরের রাজাবাজার, বনানী সুলতানগঞ্জ হাট, খান্দার ও ফুলতলা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কাঁচামরিচের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ২৮০ থেকে ৩২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। এর আগে, গত শনিবার পর্যন্ত সর্বোচ্চ ৬০০ টাকা কেজিতে বগুড়ায় মরিচ বিক্রি হয়। তবে দাম বৃদ্ধির সময় মরিচের ক্রেতাও কমে গিয়েছিল। সপ্তাহ খানেক আগে হঠাৎ করেই বেড়ে গিয়েছিল কাঁচা মরিচের দাম।
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় কাঁচা মরিচের দাম বেড়ে গিয়েছিল। এখন দাম কমেছে। কিছুদিন পর মরিচের দাম আরো কমবে।
.png)
বনানী সুলতানগঞ্জ হাটের সবজি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, আজ ২৮০ থেকে ৩২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে। কেজি প্রতি মরিচের পাইকারি দাম ২২০ থেকে ২৫০ টাকা। যখন ৬০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল, তখন পাইকারি দাম ছিল কেজিতে ৫০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত।
একই হাটের আরেক সবজি ব্যবসায়ী শাকিল হোসেন বলেন, কিছুদিন আগে আড়ত থেকে মরিচ পেতে অনেক বেগ পেতে হতো। চাহিদা অনুযায়ী কাঁচা মরিচ পাওয়া যাচ্ছিল না। এ কারণে দাম বাড়ানো হয়েছিল। এখন ধীরে ধীরে মরিচের দাম কমতেই থাকবে। দাম বৃদ্ধির আশঙ্কা আর নেই।
হাটে আসা মরিচের ক্রেতা বগুড়া শহরের বাসিন্দা গোলাম রব্বানী বলেন, আগের তুলনায় কাঁচা মরিচের দাম কমায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।