রোববার দুপুরে তাদের সন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। এসব জেলে উপজেলার গংগাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা বর্তমানে চরফ্যাশনের বঙ্গোপসাগরের নিরাপদ স্থানে অবস্থান করছেন।
জানা যায়, গত সোমবার (২৬ জুন) তিনটি ফিশিং বোট নিয়ে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে যান এ ১৬ জেলে। পরের দিন মঙ্গলবার ভোরে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে তাদের বোট। এ সময় দুইটি বোটের মাঝি-মাল্লারা ফিরে আসলেও নিখোঁজ হন একটি বোটের ১৬ জেলে। ছয়দিন পর সেসব জেলের জীবিত সন্ধানে স্বস্তি ফিরেছে পরিবারগুলোতে।
.png)
সন্ধান পাওয়া জেলেরা হলেন- গংগাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রহমান, আকতার, আল-আমিন, ইলিয়াছ, নজু, কবির, মুন্না, কুট্টি মিয়া, ইসমাইল, হাবু, ইলিয়াস, আজগর আলী এবং আব্বাস, চুন্নু, হাসান ও নেছার।
এসব জেলেদের পরিবারের সদস্যরা জানান, তাদের নিখোঁজের খবর শোনার পর থেকে ঠিকমতো ঘুমাতে পারেননি। এ ঘটনায় সবাই মানসিকভাবে ভেঙে পড়েন। তবে তাদের জীবিত থাকার খবরে তারা অনেক খুশি।
গংগাপুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, একসঙ্গে নিখোঁজ ১৬ জেলের সন্ধান মেলায় পরিবারগুলো আনন্দিত। ঐসব জেলেদের পরিবারের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছি।
এ বিষয়ে বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, নিখোঁজের ছয়দিন পর ঐ জেলেদের সন্ধান মিলেছে। তারা বর্তমানে চরফ্যাশনের বঙ্গোপসাগরের নিরাপদ স্থানে অবস্থান করছেন। আমরা নিয়মিত তাদের খোঁজ নিচ্ছি। আশা করছি রাতের মধ্যেই তারা নিজ নিজ পরিবারে ফিরবেন।