ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে হত্যা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৯, ১ জুলাই ২০২৩
বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে হত্যা
ফাইল ছবি

বোনেকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই সাহাদাত হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটেরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পর্যটন স্পট এককুইল্লা দিঘী নামক স্থানে বোনকে নিয়ে ঘুরতে গেলে বখাটেরা এ ঘটনা ঘটায়। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ঈদের পরদিন শুক্রবার (৩০ জুন) বিকেলে সাহাদাত হোসেন তার বোনকে নিয়ে পর্যটন স্পট এককুইল্লা দিঘী নামক স্থানে বেড়াতে যান। ওই সময় চম্পকনগর এলাকায় বখাটেরা তার বোনকে নিয়ে আজেবাজে কথা বললে তর্ক-বিতর্ক হয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সজিবকে জানালে তিনি বাজারে এলে মিমাংসা করে দিবেন বলেন।

Advertisement

সাহাদাত হোসেন মিমাংসার জন্য বাজারে গেলে সিএনজি থেকে নামার সঙ্গে সঙ্গে বখাটেরা তাকে ঘেরাও করে এলোপাথাড়ি ছুরিকাঘাতে করে। এ সময় সে মাটিতে লুটে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন বখাটেদের আটক করে চেয়ারম্যানের অফিসে নিয়ে তালাবদ্ধ করে রাখেন। নিহত সাহাদাত ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মজনু বলেন, চম্পকনগর এলাকায় সাহাদাত বোনকে নিয়ে ঘুরতে গেলে স্থানীয় যুবকদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য সজিবের কাছে বাজারে এলে সাহাদাতকে তারা ছুরিকাঘাতে করে। তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন যুবকদের আটক করে আমার অফিসে তালাবদ্ধ করে রাখে। পুলিশ, র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের থানায় নিয়ে যায়। 

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!