মঙ্গলবার (২৭ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম ঐ ডাকাতি ও জোড়া খুনের রহস্য উন্মোচন করেন।
গত ২০ ও ২১ জুন স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে খোকসার ওসমানপুর ইউনিয়নের গড়াই নদের চর এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, খোকসা বাজারের ব্যবসায়ী অশোক এবং তার ভাই অসিম পালের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে গত ১৭ জুন রাতে ১৭-১৮ জনের একটি ডাকাত দল গড়াই নদের আইয়ুবের ঘাট চরে একত্রিত হয়। ডাকাতির পরিকল্পনার একপর্যায়ে দলের সদস্য সামাদ ও ফারুকের সঙ্গে ডাকাত দলের অন্য সদস্যদের কথা কাটাকাটি হয়। মতবিরোধের কারণে এ সময় ক্ষিপ্ত হয়ে সামাদ এবং ফারুককে গলা কেটে হত্যা করেন। পরে ঐ লাশ বালুচাপা দেন ডাকাত দলের সদস্যরা।
পরিকল্পলা অনুযায়ী রাত আড়াইটার দিকে খোকসা পৌর এলাকার ব্যবসায়ী অশোক এবং অসিম পালের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা এবং স্বর্ণালংকার সব লুট করে নিয়ে যায় ডাকাতরা।
পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ডাকাতি হওয়ার পরের দিন অসিম পাল বাদী হয়ে খোকসা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামিকে একটি মামলা দায়ের করেন। পরে গত ২০ এবং ২১ জুন স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিত্বে খোকসার ওসমানপুর ইউনিয়নের গড়াই নদের চর এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ দুটি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে কাজ শুরু করে খোকসা পুলিশ। সঙ্গে যোগ দেন জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
পুলিশ সুপার আরো বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার রাতে রাজবাড়ির পাংশা এবং কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- রাজবাড়ির পাংশা থানার মতিয়ার মন্ডল (৪৭) ও তার ভাই শান্ত মন্ডল (২০), কুষ্টিয়ার খোকসা থানার সাহস শেখ (২১), রয়েল হোসেন (২১) এবং শুকাই আলী প্রমানিক (২৫)।
গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে লুট করা স্বর্ণালংকারসহ বেশ কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করতে গিয়ে গড়াই নদে উদ্ধার হওয়া ঐ দুই ব্যক্তিকে হত্যা করার কথা স্বীকার করেন তারা।
পুলিশ সুপার বলেন, মূলত মতবিরোধের কারণে ডাকাত দলের সদস্য কুষ্টিয়ার দৌলতপুরের দৌলতখালি গ্রামের সামাদ (৩৩) এবং ময়মনসিংহয়ের জামালপুর থানার ফারুককে (২৮) তার সহকর্মীরা গলা কেটে হত্যা করেন। বুধবার বিকেলে গ্রেফতার ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।