ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ২১ জুন ২০২৩
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
ফাইল ফটো

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী মাসু বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী কামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি কামাল হোসেন রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্দর গ্রামের বাসিন্দা। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের দিকে জেলার কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল কালামের মেয়ে মাসু বেগমের সঙ্গে কামাল হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলের জন্ম হয়। কামাল হোসেন মাসু বেগমকে বিয়ের পর আরো দুটি বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী মাসুর সঙ্গে কলহ সৃষ্টি হয়। এর জেরে কামাল ও তার পরিবারের লোকজন মাসুকে প্রায় সময় নির্যাতন করতেন।

২০২০ সালের ১২ আগস্ট বিকেলে মাসু শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মর্মে প্রচার করে তার স্বামী ও পরিবারের লোকজন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তে মাথায় আঘাত ও শ্বাসরোধে মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন আসে। পরে ঐ বছরের ২৩ অক্টোবর মাসুর মা বিবি ছায়েরা (৫৮) বাদী হয়ে রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলাটি তদন্ত করেন রামগতি থানার সেই সময়ের এসআই মজিবুর রহমান তপাদার। তিনি ২০২১ সালের ১২ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!