ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১৮ জুন ২০২৩
যশোরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
প্রতীকী ছবি

যশোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুল হামিদ মোড়লকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বিকেলে যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল হামিদ মোড়ল যশোরের শার্শার খাজুরা গ্রামের পশ্চিমপাড়ার জয়নুদ্দীন মোড়লের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১১ সালের ২৯ জানুয়ারি বিকেলে আব্দুল হামিদের সঙ্গে তার স্ত্রী আমেনা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হামিদ ঘরে থাকা দা দিয়ে আমেনার গলায় ও বাম হাতে কোপ দিয়ে রক্তাক্ত জখম করেন। তাৎক্ষণিক আমেনাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১ ফেব্রুয়ারি আমেনা বেগমের মৃত্যু হয়।

Advertisement

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন মোড়ল বাদী হয়ে বাবা আব্দুল হামিদ মোড়লের বিরুদ্ধে শার্শা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ২৮ জুন আসামি আব্দুল হামিদ মোড়লকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই এসএম আজিজুর রহমান। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আব্দুল হামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আব্দুল হামিদ মোড়ল পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!