ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে খুনের পর আত্মগোপনে কাটান ২৮ বছর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ১৫ জুন ২০২৩
স্ত্রীকে খুনের পর আত্মগোপনে কাটান ২৮ বছর
গ্রেফতার আজাহার আলী

স্ত্রীকে হত্যার বছর দুয়েক পর আত্নগোপনে চলে যান আজাহার। পরে হত্যা মামলায় মামলায় পলাতক অবস্থায় তার যাবজ্জীবন সাজা হয়। সেই আজাহারকে রায় ঘোষণার ২৬ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। 

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বগুড়ার র‌্যাব-১২ ও চট্টগ্রামের র‌্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। নিজ পরিচয় গোপন রেখে চট্টগ্রামে বসবাস করছিলেন আজাহার।

Advertisement

৬০ বছরের আজাহার আলী বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া শালুক গাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জসমত আলী।

র‌্যাব জানায়, পারিবারিক কলহের জেরে ১৯৯৩ সালে আজাহার তার প্রথম স্ত্রী জাহানারা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মামা আমজাদ হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে ১৯৯৫ সালে বগুড়া থেকে পালিয়ে যান আজাহার। আজাহারের অনুপস্থিতিতে ১৯৯৮ সালে এ মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেন আদালত। 

আজাহার স্ত্রী হত্যা মামলায় দুই মাসেরও বেশি সময় জেলহাজতে ছিলেন। পরে জামিনে বের হয়ে সুযোগ মতো আত্মগোপনে চলে যান। গ্রেফতার এড়াতে ও পরবর্তীতে সাজা থেকে বাঁচতে তিনি আর কখনোই বগুড়ায় আসেননি। নিজ নাম পরিচয় গোপন করে ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দীর্ঘ ২৮ বছর আত্মগোপনে ছিলেন তিনি।

র‌্যাব কর্মকর্তা মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজাহারের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!