ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে ট্রলার ডুবি, জেলে নিখোঁজ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৪২, ১৪ জুন ২০২৩
সুন্দরবনে ট্রলার ডুবি, জেলে নিখোঁজ 
ফাইল ফটো

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদের মোহনা থেকে মাছ শিকার করে ফেরার পথে সুন্দরবন সংলগ্ন এলাকায় ইঞ্জিন চালিত একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 

বুধবার ভোর ৪ টার দিকে বলেশ্বর নদের সুন্দরবন সংলগ্ন এলাকার একটি ডুবো চরে আটকে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় নুর হোসেন নামে এক জেলে নিখোঁজ হন। ট্রলার মালিক ওয়াসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিখোঁজ নুর হোসেন পাথরঘাটা সদর ইউপির পদ্মা এলাকার আব্দুল খালেকের ছেলে। ওই  ট্রলারে ৫ জন ছিলেন বলে জানা যায়।

Advertisement

ট্রলার মালিক ওয়াসিম জানান, গভীর সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা চলমান থাকায় বলেশ্বর নদের মোহনা থেকে ফিরে আসার সময় সুন্দরবন সংলগ্ন এলাকার একটি ডুবো চরে তার ট্রলারটি আটকে পড়ে। সেখানে শ্রোতের কবলে পড়ে বুধবার ভোর ৪ টার দিকে ট্রালারটি ডুবে গেলে এক জেলে নিখোঁজ হয়। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের চেষ্টা চলছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এরকম একটি ঘটনার কথা শুনেছি। ট্রলার মালিকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো খবর আসেনি। তবে এক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কর্মকর্তার মুঠোফোনে কল করলে রিসিভ না করায় কোনো মন্তব্য নেয়া সম্ভব হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!