ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভ্রমণ পিপাসুদের জন্য নামলো দুই ‘পর্যটক বাস’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ১০ জুন ২০২৩
ভ্রমণ পিপাসুদের জন্য নামলো দুই ‘পর্যটক বাস’
ভ্রমণ পিপাসুদের জন্য চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হল ‘পর্যটক বাস’। ছবি: ডেইলি বাংলাদেশ

ভ্রমণ পিপাসুদের জন্য চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হল ‘পর্যটক বাস’। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নগরের টাইগারপাস থেকে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা রুটে দুটি ডাবল ডেকার বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে বাস দুটির চলাচল উদ্ধোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

সুসজ্জিত দুটি দ্বিতল বাসের মধ্যে একটি ছাদ খোলা। বাস দুটি দিয়ে চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরের কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। পাশাপাশি থাকছে ফৌজদারহাটে জেলা প্রশাসন নির্মিত দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ‘ডিসি পার্ক’ ঘোরার সুযোগও।

Advertisement

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান জানান, ওয়াইফাই, জিপিএস, সিসি ক্যামেরাসহ সব ধরনের সুবিধা সংযুক্ত করা হবে পর্যটক বাসে। এছাড়া চট্টগ্রাম ঘুরে দেখার জন্য কর্ণফুলী নদীতে রিভার ক্রুস চালুসহ নানা ধরনের ব্যবস্থা নেয়া হবে পর্যটকদের জন্য।

প্রতিদিন বিকেল ৩টা ও ৪টায় টাইগারপাস থেকে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা করবে পর্যটক বাস। সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় পতেঙ্গা থেকে ফিরবে বাস দুটি। তবে ছুটির দিনগুলোতে বিকেলের পাশাপাশি সকালেও চলাচল করবে এ দুই বাস। টাইগারপাস থেকে ফৌজদারহাট ডিসি পার্ক পর্যন্ত ভাড়া গুনতে হবে ৪০ টাকা। আর ফৌজদারহাট ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত যেতে গুনতে হবে ৩০ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!