আমজাদিয়া একাডেমি ও পদ্মাসেতু দক্ষিণ থানা সূত্র জানায়, জাজিরার নাওডোবা বাজারে আমজাদিয়া একাডেমি অবস্থিত। ওই শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী মাসুদুর রহমান। অভিযোগ উঠেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে মাসুদুর রহমান তার অফিস কক্ষে ডেকে নেন। এরপর তিনি ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন। শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। আপত্তিকর আচরণ করেন। তখন অন্য শিক্ষার্থীদের চেষ্টায় ওই ছাত্রী রক্ষা পায়। পরের দিন ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানের সভাপতি ও নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে। পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত মাসুদুর রহমানকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করে। আর ঘটনাটি তদন্ত করার জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
.png)
রোববার প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থীরা শ্রেণি কক্ষ থেকে বের হয়ে মাঠে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে তারা নাওডোবা বাজারে বিক্ষোভ মিছিল করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে দুপুরে পদ্মাসেতু দক্ষিণ থানায় যায়। এ সময় পদ্মাসেতু দক্ষিণ থানা ঘেরাও দেয়। থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা থানা ক্যাম্পাস ছাড়ে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, গত মঙ্গলবার সকালে স্কুলে আসলে মাসুদ স্যার আমাকে কক্ষের ভেতরে ডাকেন। আমি বুঝতে পারিনি তিনি আমার সঙ্গে এমন আচরণ করবেন। তার এমন আচরণে আমি ভয় পেয়ে যাই। এ সময় চিৎকার করলে অন্য শিক্ষার্থীরা ছুটে আসে।
দশম শ্রেণির শিক্ষার্থী ইভা আক্তার ও নবম শ্রেণির শিক্ষার্থী আন্না আক্তার জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদে আমরা পড়ালেখা করতে চাই। আমার বোনের সঙ্গে যে আচরণ করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আমজাদিয়া একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়া জানান, এক শিক্ষার্থী আমাদের অফিস সহকারীর বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ করেছে। ওই অভিযোগের বিষয়ে ছয় সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর অভিযুক্ত অফিস সহকারী মাসুদুর রহমানকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার চেষ্টা করছি।
ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমজাদিয়া একাডেমির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগের বিষয় মৌখিকভাবে শুনেছিলাম। রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানার ক্যাম্পাসে এসেছিল। তাদের পরামর্শ দিয়েছি লিখিত অভিযোগ দেওয়ার জন্য। অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে তারা থানা ক্যাম্পাস ছেড়ে যায়। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।