ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ২ প্রেমিকের সংঘর্ষ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ২ জুন ২০২৩
এক প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ২ প্রেমিকের সংঘর্ষ
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা- ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রেম বিষয়ক ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বাকৃবির শিক্ষার্থীরা বাধা দিতে গেলে বিষয়টি মারামারির দিকে মোড় নেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় রেলক্রসিং সংলগ্ন তৃপ্তি হোটেলের পাশে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্য দুইজন বাকৃবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত আরেকজন হলে ত্রিশালের বাসিন্দা মাহমুদ হোসেন প্রিন্স। এ ঘটনায় জড়িতদের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তবে বাকিরা পালিয়ে গেছেন। আটককৃতরা হলেন- ময়মনসিংহ বড় বাজারের মো. তাহমিদ আনন ও মাহমুদুল হাসান নিঝুম।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো শফিকুল ইসলাম।

Advertisement

মাহমুদ হোসেন প্রিন্স জানান, ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে তার অনেকদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। ঐ তরুণী শুক্রবার দেখা করতে বাকৃবিতে আসতে বললে- প্রিন্স ত্রিশাল থেকে সেখানে আসেন। এ সময় ঐ তরুণীর অপর প্রেমিক এবং তার বন্ধুরা প্রিন্সের সঙ্গে বাজে ব্যবহার করেন। একপর্যায়ে তারা প্রিন্সকে মারধর শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে প্রিন্সের ভাইয়ের বন্ধুরা উদ্ধার করতে আসলে তাদেরকেও মারধর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. সাঈদুর রহমান জানান, তিনজনকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বাকি দুইজনের মধ্যে একজন হাতে ও অন্যজন পায়ে আঘাত পেয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই মুহাম্মদ আরিফ জানান, ঐ দুইজনকে আহত অবস্থায় থানায় হস্তান্তর করা হয়। পরে তাদেরকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!