ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় চাঞ্চল্যকর ট্রাকচালক হত্যায় প্রধান আসামি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ২৯ মে ২০২৩
সাতক্ষীরায় চাঞ্চল্যকর ট্রাকচালক হত্যায় প্রধান আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় চাঞ্চল্যকর ট্রাকচালক রুহুল আমিন গাজী হত্যা মামলার প্রধান আসামি হাশেম গাজীকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।

সোমবার দুপুরে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত হাশেম গাজী (৫৫) সাতক্ষীরা শহরের পাকুখরালীর এলাকার মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের ট্রাকচালক রুহুল আমিন গাজীর সঙ্গে হাশেম গাজীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিজমা সংক্রান্ত এই বিরোধের জেরে গত ১২ মে রাতে হাশেম গাজীসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে রুহুল আমিন গাজীকে মারপিট করে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন রুহুল আমিনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন নিহতের ছেলে ইমাম হোসেন বাদী হয়ে হাশেম গাজীকে প্রধান আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করেন এবং অভিযান অব্যাহত রাখেন। একপর্যায়ে রোববার রাতে র‌্যাব সদস্যরা উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি হাশেম গাজী বাসযোগে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার জেএম গালিব হোসেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!