শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম একই মল্লিকপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা মাহমুদ আলীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মল্লিকপুর গ্রামের জেসমিন এবং তার চাচা মাহমুদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জেসমিন শনিবার দুপুরে বাড়ির সীমানা নির্ধারণ করতে গেলে তার চাচা মাহমুদ বাধা দেন। এতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জেসমিনের চাচাতো ভাই আশিকুল দা দিয়ে তার গলায় কোপ দেন। এ সময় জেসমিন মাটিতে পড়ে যান। জেসমিনকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুর নাসের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা মাহমুদ আলীকে আটক করা হয়েছে। এছাড়া অভিযুক্ত আশিকুলকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।