ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩২, ২৩ মে ২০২৩
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর শহরের দুটি দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফ্রিজের মধ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য রেখে বিক্রি করা ও পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য নিয়ম বহির্ভূতভাবে দোকানে সাজিয়ে রেখে বিক্রিসহ নানা অভিযোগে তাদের জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও হোটেল বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

Advertisement

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকারের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান চালান। এ সময় সহযোগিতায় ছিলেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম। এছাড়া মেহেরপুর পুলিশ লাইন্সের একটি টিম তাদের সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ অভিযানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, সদর উপজেলার মুদিখানা, ডিপার্টমেন্টাল স্টোর, হোটেলসহ বেশকিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মেসার্স আনকমন স্টোর নামক প্রতিষ্ঠানে দোকানে ও ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রি করা, মোড়কীকরণ বিধি বহির্ভূত ও অননুমোদিত পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হোটেল বাজারে মেসার্স কালাম এন্ড ব্রাদার্স বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য নিয়ম বহির্ভূতভাবে দোকানে সাজিয়ে রেখে বিক্রি, মেয়াদ উত্তীর্ণ আটার বস্তার গায়ের লেবেল ছিঁড়ে ফেলে বিক্রিসহ অন্যান্য অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকান দুটি থেকে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!