ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাখি শিকারে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, আটক ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২২ মে ২০২৩
পাখি শিকারে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, আটক ১
অভিযুক্ত জুনাইদ (বামে) ও আহত সাংবাদিক আহমদ গিয়াস

পাখি শিকারে বাধা দেওয়ায় সাংবাদিক ও পরিবেশকর্মী আহমদ গিয়াসের ওপর হামলা চালিয়েছে পাখি খেকোরা। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার সকাল ১০টার দিকে সদরের ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দরিয়ানগরের আহমদ গিয়াসের বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঝিরঝিরি পাড়ার জুনাইদ নামে এক পাখি খেকোকে আটক করা হয়েছে।

সাংবাদিক আহমদ গিয়াসের স্ত্রী মসতুরা আক্তার জানান, বাড়ি সংলগ্ন পাহাড়ের ঢালে বাসা বেঁধে পাখি থাকে। এসব পাখি শিকার করার জন্য স্থানীয় কিছু লোকজন চেষ্টা চালায়। তাদের পাখি শিকার না করতে নিষেধ করলে তারা আহমদ গিয়াসকে মারধর করেন। এতে তিনি রক্তাক্ত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা পাখি খেকো জুনাইদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

Advertisement

তিনি আরো বলেন, আমার বসতবাড়ির সঙ্গে লাগোয়া পাহাড়ে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে। প্রতিদিন বিকেলে পাখিরা যখন দিন শেষে এ বাগানে ফিরে আসে তখন এলাকার মানুষ ছাড়াও বাইরের এলাকা থেকে অনেকে দেখতে আসেন। সবাই মুগ্ধ হয়ে পাখিদের নীড়ে ফেরা দেখেন। কিন্তু অভিযুক্তরা দিনে অথবা রাতের আঁধারে এয়ারগান আর গুলি দিয়ে এসব পাখি শিকার করেন। এ জন্য গত বছর ধরে পাখির অভয়ারণ্য প্রায় ধ্বংস হতে চলেছে। 

স্থানীয় পরিবেশকর্মী এইচ এম পারভেজ বলেন, অবাধে পাখি শিকারের কারণে দরিয়া নগর এলাকায় পাখির সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। সাংবাদিক গিয়াস দীর্ঘদিন ধরে পরিবেশ-প্রকৃতি নিয়ে গবেষণা করে আসছেন। পাখি শিকারে বাধা দেওয়ায় তার ওপর হামলা চালিয়েছেন তারা। 

এদিকে এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা। তারা হামলায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, এরমধ্যে হামলাকারীদের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!