ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাপ্তাই হ্রদে পাহাড়ি ফলের ভাসমান বাজার

নুরুল আমিন, রাঙ্গামাটি 
প্রকাশিত: ১১:২৪, ২২ মে ২০২৩
কাপ্তাই হ্রদে পাহাড়ি ফলের ভাসমান বাজার
সারি সারি নৌকায় সাজানো রসালো ফল

রাঙামাটির বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সাঁঝ সকালে নৌকায় করে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন রকমের ফল আসছে রাঙামাটির বৃহত্তর বনরূপা বাজারের সমতাঘাটে। ঘাটের তীর ঘেঁষে কাপ্তাই হ্রদে সারি সারি নৌকা সাজানো। এসব নৌকায় রয়েছে, আম, কাঁঠাল, লিচু, আনারস, লটকন, কালোজাম, গোলাপ জাম, কদবেল, কলা এবং রক্তগোটাসহ পাহাড়ে উৎপাদিত নানা রকমের সুস্বাদু ফল।

সরেজমিনে দেখা গেছে, সারিবদ্ধভাবে একের পর এক নৌকা এসে ভিড়ছে আর মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে পাহাড়ি নানা ফলমূল। একদিকে কাপ্তাই হ্রদ আর অন্যদিকে এই ভাসমান বাজার। দুইয়ে মিলে জমজমাট রাঙ্গামাটির বনরুপা বাজারের সমতা ঘাট। পাহাড়ের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় জিনিসসহ পাহাড়ে উৎপাদিত সব পণ্যই পাওয়া যায় এই ভাসমান বাজারে। 

এছাড়াও রাঙ্গামাটির পুরাতন বাস স্টেশন ঘাটে কাপ্তাই হ্রদে সারি সারি ভাবে ভাসমান অবস্থায় নৌকায় সাজানো আছে,পাহাড়ি পাকা আম,কাঁঠাল, লিচু,আনারস,লটকন,কালোজাম,গোলাপ জাম,কদবেল,কলা এবং রক্তগোটাসহ বিভিন্ন ফলমূল। এসব ফলমূল বিভিন্ন ব্যবসায়ীরা ক্রয়ে করে শ্রমিকরা ঝুঁড়ি করে ট্রাকভর্তি করছেন।

ব্যবসায়ীরা জানান, প্রতি শনিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার কাপ্তাই হ্রদে এ ভাসমান বাজার বসে। এ বাজার থেকে ঢাকা,চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে তাদের কাছ থেকে ফলমূল ক্রয় করে থাকে। এসব ফলমূল রাঙ্গামাটি জেলার চাহিদা মিটিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে।

রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা থেকে আসা ভাসমান বাজারের ব্যবসায়ী সজিব চাকমা জানান, নানিয়ারচর উপজেলা থেকে নৌকা করে কাঁঠাল নিয়ে এসে শহরের বনরূপা সমতাঘাটে বিক্রি করছেন। তাঁর কাছ থেকে বিভিন্ন বেপারীরা কাঁঠাল পাইকারি দামে ক্রয় করেছেন।

সারি সারি নৌকায় সাজানো রসালো ফল

আরেক ভাসমান ব্যবসায়ী সাধনজীবন চাকমা জানান, তাদের বাড়ির আঙিনার আম গাছের রসালো মিষ্টি আম। তিনি নৌকায় করে সমতাঘাটে বিক্রি করতে এনেছেন।

সদর উপজেলার বন্দুকভাঙ্গা এলাকার ভাসমান ব্যবসায়ী অর্পণ চাকমা জানান, এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। কিন্তু সাইজ ছোট্ট হওয়ার কারণে দাম কম পাচ্ছেন। নৌকায় করে বন্দকভাঙ্গা ইউনিয়ন থেকে এসব লিচু নিয়ে আসছেন বলে তিনি জানান।

আরেক ব্যবসায়ী মোহন লাল চাকমা জানান, নানিয়ারচর উপজেলা থেকে ইঞ্জিন চালিত বোটে করে আনারস নিয়ে এসে বনরূপা সমতাঘাটে বিক্রি করছেন। প্রতি শনিবার, সোমবার,মঙ্গলবার এবং বুধবার তিনি বোটে করে আনারস নিয়ে আসেন।

চট্টগ্রাম থেকে ঘুরতে আসা আবুল কালাম জানান, রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি। তবে এই প্রথম তিনি শহরের বনরূপাস্থ সমতাঘাটের ভাসমান ফলমূলের বাজারে এসেছেন। তিনি আরো জানান, এ ভাসমান বাজারে আম, লিচু, কাঁঠাল, আনারসসহ বিভিন্ন ধরণের ফলমূল রয়েছে। এটি তাকে মুগ্ধ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!